।।স্পোর্টস্ ডেস্ক।।
ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, ‘বাজবল’ কৌশল থেকে সরে আসতে রাজি নয় ইংল্যান্ড। ওভালে টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে এই কৌশলেই তারা সাফল্য পাচ্ছে। অজিদের কাঁধে চাপানো হচ্ছে রানের পাহাড়। রীতিমতো ওয়ানডে স্টাইলে ব্যাট চালাচ্ছেন ব্রিটিশ ব্যাটাররা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৬৫ রান। তাদের লিড হয়েছে ২৫৩ রানের।
আজ শনিবার লন্ডন টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। গতকাল অস্ট্রেলিয়া ২৯৫ রানে অল-আউট হওয়ার পর দিনের খেলার ইতি টানা হয়েছিল।
প্রথাগত টেস্ট ব্যাটিং করেও অজিদের লিড হয়েছিল মাত্র ১২ রানের। বল হাতে আগুন ঝরিয়েছেন ব্রড, ওকস ও মার্ক উডরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব শুরু করেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। ৭৯ রানের ওপেনিং জুটি ভাঙে মিচেল স্টার্কের বলে ডাকেটের বিদায়ে।
আউট হওয়ার আগে ৫৫ বলে ৭ চারে ৪২ রান করেন ডাকেট। অপর ওপেনার ক্রলি সেঞ্চুরির কাছাকাছি যাচ্ছিলেন। তাকে ৭৩ রানে স্মিথের তালুবন্দি করেন কামিন্স। ক্রলির ৭৬ বলের ইনিংসে ছিল ৯টি চারের মার। অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটিতে আসে ৬১ রান।
স্টোকস ৬৭ বলে ৪২ রান করে টড মার্ফির শিকার হন। চারে নেমে রুদ্রমূর্তি ধারণ করেছেন জো রুট। এই ক্লাসিক্যাল টেস্ট ব্যাটার ৪২ বলে ৮ চার ১ ছক্কায় ফিফটি পূরণ করে ছুটছেন তিন অঙ্কের দিকে। ওভালে অস্ট্রেলিয়ার জয়ের পথ কঠিন হয়ে যাচ্ছে।





















