জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে কিশোরগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আসরের নামাজের পর জেলা কমিটির ব্যানারে শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে শহীদি মসজিদের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করে দলটি। এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতি আলমগীর হোসাইন তালুকদার, সেক্রেটারি মাওলানা রুকন উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মোস্তফা কামাল, সহ সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম, প্রথম কার্যনির্বাহী সদস্য মাহমুদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি মুসা খান, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি রবিউল আলম শাহিন প্রমুখ।
বক্তারা বলেন, একতরফা ঘোষিত নির্বাচনী তফসিলে দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না।বর্তমান নির্বাচন কমিশন আরও একটি প্রহসনের নির্বাচনের পথে হাঁটছে। তাদের এ প্রহসনের নির্বাচন জনগণ সফল হতে দেবে না। জাতীয় সরকারের গঠনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে পরিবেশ সৃষ্টি করতে হবে।
প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।






















