হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১শ ৮১ জন রোগী। নিহত নারীর নাম মাজেদা বেগম (৪৭)। বাড়ী রাজবাড়ী সদর উপজেলার স্বজনকান্দা গ্রামে। তিনি ওই গ্রামের মো.বাহাদুরের স্ত্রী।
সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শনিবার বিকাল সাড়ে ০৩ টার দিকে মাজেদা বেগম নামে নারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান তিনি। তিনি আরো জানান, বর্তমানে হাসপাতালটিতে ২ শ ১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ শ ৮১ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ শ ৭৩ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ শ ১৪ জন।
তিনি আরো জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৬শ ৩৩ জন। এর মধ্যে ৫ হাজার ১ শ ৪৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।






















