।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি প্রক্রিয়ার মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হবে। মাত্র এক সপ্তাহ আগে পানি শুন্যতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নেতানিয়াহু। আর এবার পার্লামেন্টে বিতর্কিত বিচার বিভাগ সংস্কার নিয়ে ভোটাভুটির আগে হাসপাতালে ভর্তি হলেন তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় রবিবার জানিয়েছেন, ৭৩ বছর বয়সী নেতানিয়াহুকে অজ্ঞান করা হবে আর সেকারণে তার দায়িত্ব পালন করবেন বিচার মন্ত্রী ইয়ারিভ লেভিন। এর আগে সংক্ষিপ্ত ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, তিনি ভালো বোধ করছেন। আর হাসপাতাল থেকে ছাড়া পেলে পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবেন। মধ্যরাতের পর ভিডিওটি প্রকাশ করা হয়।
বিচার বিভাগ সংস্কারে নেতানিয়াহুর পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ চলছে। শনিবার রাতে রাজপথে নেমে আসে লাখ লাখ মানুষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহুকে টেল হাসোমের শহরের সেবা মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।






















