।।নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে আসা একটি মানব কঙ্কাল পাওয়া গেছে। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারপাড়া এলাকায় সাগরের তীরবর্তী ঝাউবাগানের পাশে সৈকতে কঙ্কালটি ভেসে আসে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কঙ্কালটি উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নাছির উদ্দিন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন- আজ সকালে জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা একটি কঙ্কাল দেখতে পান স্থানীয় লোকজন। তারা টেকনাফ থানা-পুলিশকে খবর দিলে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করেন।
কঙ্কালটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সিআইডি’র ফরেনসিক বিভাগ ডিএনএ নমুনা সংগ্রহ করবে। ডিএনএ পরীক্ষার পর লাশের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।






















