।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
বাংলাদেশের হবিগঞ্জ জেলা থেকে সাত বছর আগে নিখোঁজ হয়ে যান সম্পদ রঞ্জন রায় (৫৫)। বাংলাদেশের একটি কলেজে পড়ানো এই শিক্ষক নিখোঁজের আগে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। কয়েক মাস আগে ভারতের ত্রিপুরায় সন্ধান মেলে তার। গত শনিবার আসামের করিমগঞ্জ সীমান্ত দিয়ে এই বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সম্পদের দূর সম্পর্কের ভাই করিমগঞ্জ শহরের শ্যামাপ্রসাদ সড়কের বাসিন্দা অজয় কুমার রায়। তিনি জানান, সাত বছর আগে সম্পদ বাংলাদেশ থেকে হারিয়ে যায়। তারপর তার ছবি ও ভিডিও ফেসবুকে দেখে তার পরিবারের সদস্যরা নিশ্চিত হয় সম্পদ ভারতে (ত্রিপুরায়) আছেন। সম্পদের পরিবার তখন অজয়ের সঙ্গে যোগাযোগ করেন। আর অজয় শরণাপন্ন হন রবিন হুড আর্মি নামের একটি সংস্থার। এই সংস্থাটি ত্রিপুরায় কয়েক জনের সঙ্গে যোগাযোগ করে সম্পদকে খুঁজে বের করেন।
অজয় বলেন, ‘সংস্থার লোকেরা তারপর এপ্রিলে ত্রিপুরায় যায় এবং তারা উত্তর ত্রিপুরা জেলার শনিচেরায় সম্পদকে খুঁজে পায়। পরে সম্পদকে করিমগঞ্জে আনা হয় আর আমার বাড়িতে রেখে তাকে চিকিৎসা দেয়া হয়।’
সম্পদের ভাই মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাসিন্দা কমলেন্দু রায়। তিনি জানান, সম্পদ হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুজি করা হয়। একপর্যায়ে হতাশ হয়ে পরিবার আশা ছেড়ে দেয়। গত এপ্রিলে সম্পদের খোঁজ পাওয়ার পর শনিবার তাকে বাড়ি ফিরিয়ে নেয়া হয়েছে। কমলেন্দু বলেন, আমরা খুব খুশি। আমরা বাংলাদেশ ও ভারত সরকারকে ধন্যবাদ জানাই।






















