।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
আগামী কয়েক দিন ভারতের উত্তরপশ্চিম অঞ্চলে ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। আইএমডির পূর্বাভাসে দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মিরে ভারি বৃষ্টির কথা বলা হয়েছে।
আইএমডি জানিয়েছে, উত্তর ভারতে বয়ে যাওয়া পশ্চিমা মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল দিল্লিসহ উত্তর ভারতে ব্যাপক বৃষ্টি হয়েছে। এটাই মৌসুমের প্রথম ভারি বৃষ্টিপাত।
বৃষ্টির জেরে ভারতের রাজধানীতে পানি জমে বেশ কয়েকটি এলাকায় যানজট তৈরি হয়। ২৪ ঘণ্টায় শহরটিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। যা ১৯৮২ সালের জুলাই মাসের পর একদিনে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টির রেকর্ড। রবিবারও দিল্লি ও আশেপাশের এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে।
দিল্লিতে ফ্ল্যাটের ছাদ খুলে পড়ে ৫৮ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। রাজস্থানে ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।
বৃষ্টি ও ভূমিধস চলতে থাকায় বার্ষিক অমরনাথ যাত্রা টানা তিন দিন ধরে বন্ধ রাখা হয়েছে। কেবল শ্রীনগর-জম্মু মহাসড়কেই আটকে পড়েছে ৩ হাজারের বেশি গাড়ি। এই মহাসড়কের একটি অংশ শনিবার ধসে যায়।






















