।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
যুক্তরাজ্যে শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকা ইরানি কর্মকর্তাদের নিষেধাজ্ঞার একটি পরিকল্পনা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাজ্যে বসবাসরত কিংবা ব্রিটিশ নাগরিকদের হত্যা কিংবা অপহরণের হুমকি দিচ্ছে ইরানের শাসক গোষ্ঠী। ২০২২ সালের জানুয়ারি থেকে এমন অন্তত ১৫টি বিশ্বাসযোগ্য হুমকির কথা জানা গেছে।
বর্তমান আইন অনুযায়ী ইরানে মানবাধিকার লঙ্ঘন কিংবা পারমাণবিক কর্মকাণ্ডে জড়িতদের নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাজ্য। পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, এই শত্রুতামূলক আচরণ সহ্য করবে না যুক্তরাজ্য।
নতুন পরিকল্পনা অনুযায়ী যুক্তরাজ্য ও তাদের সহযোগীদের প্রতি শত্রুতামূলক কর্মকাণ্ডে দায়ী ইরানি নাগরিকদের নিষেধাজ্ঞা দিতে পারবে ব্রিটিশ সরকার। রাশিয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠানো ইরানিদেরও নিষেধাজ্ঞা দিতে পারবে যুক্তরাজ্য।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাজ্যসহ বিদেশে বসবাসকারী শত্রুদের হত্যা কিংবা অপহরণের চেষ্টা জোরদার করেছে ইরান। নতুন আইনে ‘মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা’ বিঘ্নিতকারী ইরানি নাগরিকদের নিষেধাজ্ঞার আওতায় আনা যাবে। এই বছরের মধ্যেই আইনটি পার্লামেন্টে তোলার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার।
পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, নতুন আইনটি ইরানকে পরিষ্কার বার্তা দেবে যে, আমরা এই শত্রুতা বরদাস্ত করবো না আর আপনাদের জবাবদিহিতা নিশ্চিত করবো।






















