।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে রাশিয়ার একটি রকেট। এতে অন্তত তিন জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র আন্দ্রি স্যাডোভি। এই হামলায় আরও আটজন আহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকের আটকা পড়ে থাকার আশঙ্কা রয়েছে।
আঞ্চলিক প্রধান মাকসিম কোজিটস্কি জানিয়েছেন, শহরটির ‘একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনা’ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি। ওই হামলা সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি রুশ সেনাবাহিনী।
লভিভের মেয়র আন্দ্রি স্যাডোভি ক্ষতিগ্রস্ত ভবনের জানালার একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা গেছে ভবনটি চারতলার। ফুটেজে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ধ্বংসস্তুপও দেখা গেছে। স্বল্প দৈর্ঘের ভিডিওতে মেয়র বলেন, বহু অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে- ৫০টিরও বেশি। এছাড়া ৫০টির বেশি গাড়ি ধ্বংস হয়েছে বলে জানান তিনি। স্যাডোভি জানান, কিছুক্ষণ আগেই ধ্বংসস্তুপ থেকে দুই ব্যক্তিকে বের করা হয়েছে- কিন্তু উদ্ধারকারীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। আঞ্চলিক প্রধান মাকসিম কোজিটস্কি বলেছেন, ‘রাশিয়ার মূল উদ্দেশ্য ইউক্রেনীয় জনগণকে ধ্বংস করা। কিন্তু আমরাই জিতবো।’
কয়েক মাস ধরে ইউক্রেনীয় শহরে প্রাণঘাতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এসব হামলা প্রায়ই বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং ব্যাপক বিদ্যুৎহীনতার কারণ হচ্ছে। কেবল গত সপ্তাহে কামাটোরস্ক শহরে এক রেস্টুরেন্টে হামলায় শিশুসহ ১৩ জনের প্রাণহানি ঘটেছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের মূল ফ্রন্ট লাইন থেকে শত শত কিলোমিটার দূরে হওয়ার পরও রুশ হামলার শিকার হয়েছে লভিভ। গত ২০ জুন লভিভের কর্মকর্তারা গুরুত্ব স্থাপনায় ড্রোন হামলার কথা জানান।






















