।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনের চলমান পাল্টা হামলায় সহায়তা করতে কিয়েভকে আধুনিক দীর্ঘ পাল্লার ক্ষেপনাস্ত্র দেয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে তারা বলছে, ইউক্রেন কিছু এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে। এগুলোর পাল্লা তিনশ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
এই ক্ষেপণাস্ত্র হাতে পেলে কিয়েভ যুদ্ধের সম্মুখ সারির অনেক ভেতরে রুশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। শুক্রবার ইউক্রেনের অন্তত একটি ক্ষেপণাস্ত্র ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণ সাগরেরর বহরের সদর দফতরে আঘাত করেছে।
ইউক্রেনের একটি সামরিক সূত্র জানিয়েছে, সিবাস্তিপোলের ওই হামলায় স্ট্রম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাজ্য এবং ফ্রান্স। এর মধ্য দিয়ে পশ্চিমা অস্ত্র সরবরাহের গুরুত্ব ফুটে উঠেছে। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা হতে পারে দেড়শ মাইল পর্যন্ত।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন, কিয়েভ অল্প সংখ্যক এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে। গত বৃহস্পতিবার দুই নেতা হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সামনে কয়েক সপ্তাহের মধ্যে এসব ক্ষেপণাস্ত্র হস্তান্তর করা হবে।






















